আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামে একটি কালীমন্দিরের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম অখিল বৈষ্ণব। তিনি ওই গ্রামের মৃত গৌরাঙ্গ বৈষ্ণবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। শনিবার ১৪ নভেম্বর সকালে বাড়ির পাশের কালীমন্দিরের গেটের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অখিল বৈষ্ণবের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
