হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীতে নৃত্যালেখ্য ‘চান্নিপসর রাইত’ পরিবেশিত

খালেদ আহমেদ :
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনায় নৃত্যালেখ্য ‘চান্নিপসর রাইত’ পরিবেশিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন গন্তব্য, পাবনার আয়োজনে আলোচনা ও নৃত্য দিয়ে ২ পর্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১ম পর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক পারভীন আরা।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, পাবনার কালচারাল অফিসার মারুফা মঞ্জিলা খান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ফরিদুল ইসলাম খোকন।
স্বাগত বক্তব্য দেন গন্তব্য, পাবনার সাধারণ সম্পাদক মুনতাকিন ইব্রাহিম তন্ময়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের শিক্ষার্থী শাবারা সীথি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সহসভাপতি হাবিবুর রহমান বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর কে আকাশ, সহকারী শিক্ষক আব্দুল কাদের মিঠু, সংগীত প্রশিক্ষক সমীর মজুমদার, সংগঠনের সকল প্রশিক্ষক ও শিক্ষার্থী, সংস্কৃতিপ্রেমী মানুষ এবং প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক।
সংগঠনের পক্ষ থেকে প্রধান ও বিশেষ অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
রাজশাহী বিভাগীয় পর্যায়ে এ বছর নৃত্যে প্রথম স্থান অর্জন করায় আরাধ্য হক ঐশিকা এবং অভিনয়ে দ্বিতীয় স্থান অর্জন করায় আব্দুল্লাহ আরিফ সিয়ামকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নৃত্যালেখ্য ‘চান্নিপসর রাইত’ পরিবেশিত হয়। এতে গন্তব্যের শিক্ষার্থীরা একক ও যৌথ নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।