সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

গত শুক্রবার ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন, নিয়মিত ও পূর্বের নিয়মিত মামলার একজন এবং মাদক মামলার একজন রয়েছেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন উপজেলার খামার পাঁচগাছী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. আনারুল ইসলাম এবং দুলাল গ্রামের মো. আব্দুল ছাত্তারের ছেলে মো. সাজেদুল ইসলাম। নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন পশ্চিম শিবরাম (স্কুলের বাজার চরুয়াটারী) গ্রামের মো. আঃ সামাদ মিয়ার ছেলে মো. নাজমুল হুদা।

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে ধুবনী কঞ্চিবাড়ী (তেলীপাড়া) গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সুন্দরগঞ্জকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধা জেলা পুলিশের নির্দেশনায় সুন্দরগঞ্জ উপজেলায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।