তরুণদের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করবে ‘উদ্যোগ’ কর্মসূচি— ইউএনও তামারা তাসবিহা

খালেদ আহমেদ :
নতুন প্রজন্মের কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগানো এবং সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ বাস্তবায়নে সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা পাবনায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় পাবনা জেলা পরিষদের রশিদ হলে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে কার্যরত বিভিন্ন ব্যাংকের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা।
তিনি বলেন, নতুন প্রজন্মের কর্মক্ষম জনগোষ্ঠীকে কীভাবে কাজে লাগানো যায়, তারই বাস্তবায়ন কর্মসূচি হচ্ছে ‘উদ্যোগ’। বাংলাদেশ ব্যাংক এ কর্মসূচি প্রণয়ন করেছে, যা পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে অনেক শিক্ষিত তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তা, যাঁরা ভালো ধারণা ও পরিকল্পনা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে কিছু করতে পারছেন না, তাঁদের জন্য সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি বলেন, প্রতি বছর প্রায় ২০ থেকে ২২ লাখ তরুণ জনগোষ্ঠী শ্রমবাজারে প্রবেশ করেন। তাঁদের মধ্যে প্রায় ৭ লাখ স্নাতক ডিগ্রিধারী। এসব শিক্ষিত তরুণ কী করছেন এবং তাঁদের কতটা সঠিক দিকনির্দেশনা দেওয়া যাচ্ছে, তা ভাবার বিষয়। ভোকেশনালসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। যুব উন্নয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েও অনেকে অর্থ ও সুযোগের অভাবে নিজেদের উদ্যোগ শুরু করতে পারছেন না। তাঁদের জন্যই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচিতে উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক পরিকল্পনা জমা দিয়ে ঋণ ও অনুদান পাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন লিড ব্যাংক প্রিমিয়ার ব্যাংক পিএলসি পাবনা শাখার ম্যানেজার মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্যও দেন তিনি।

কর্মসূচির লক্ষ্য, আবেদন পদ্ধতি ও অর্থায়নের বিভিন্ন দিক তুলে ধরে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও যুগ্ম পরিচালক নাফসিন নাজিয়া। কীভাবে আবেদন ফরম পূরণ করতে হবে এবং কোথায় জমা দিতে হবে, সে বিষয়েও তিনি বিস্তারিত ধারণা দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম ও সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস পাবনার ডিজিএম খন্দকার আবিদুর রহমান।

এছাড়া আরও বক্তব্য দেন অগ্রণী ব্যাংক পিএলসির ডিজিএম দাউদ আলী ও তরুণ উদ্যোক্তা রিয়াদ ইসলাম।

কর্মশালায় জানানো হয়, প্রতিটি উপজেলা থেকে ৫০ জন উদ্যোক্তাকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হবে। তাঁদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১০ জনকে নির্বাচন করে ঋণ ও অনুদান দেওয়া হবে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাবেন।
আবেদন ফরম যেকোনো ব্যাংকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। ফরম পূরণ বা আবেদনপ্রক্রিয়া সম্পর্কে কোনো অস্পষ্টতা থাকলে আগ্রহীরা যেকোনো ব্যাংকে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা নিতে পারবেন।

আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত তরুণ উদ্যোক্তারা কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও যুগ্ম পরিচালক নাফসিন নাজিয়া তাঁদের প্রশ্নের উত্তর দেন।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসির এজিএম ও ম্যানেজার সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রিন্সিপাল অফিসার গোলাম ইসহাক।

এ সময় ঢাকা ব্যাংক পিএলসি পাবনা শাখার ব্যাবস্থাপক সোহেব আহমেদসহ পাবনার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক এবং তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির আওতায় দেশজুড়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের কার্যক্রম চলছে। আগ্রহী উদ্যোক্তারা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত পাবনা সদর উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকে আবেদন করতে পারবেন।