ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে পঠন সূত্রধর হত্যা মামলা প্রত্যাহার না করলে জামিনে মুক্ত হয়ে মামলার বাদী ও সাক্ষীদের কচুকাটা করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী ও তাঁর পরিবারের সদস্যরা। গত ৮ নভেম্বর রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদী গ্রামের পয়েন্টে প্রকাশ্যে চিৎকার-চেঁচামেচি করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোকা দেবনাথ ও রাজি দেবনাথের বিরুদ্ধে।
এ ঘটনায় নিহত পঠন সূত্রধরের ছোট ভাই ও হত্যা মামলার বাদী প্রদীপ সূত্রধর সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে পৃথক পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন। গত ৮ ও ৯ নভেম্বর ৫টি দপ্তরে অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগে বলা হয়েছে, পঠন সূত্রধর হত্যা মামলার প্রধান আসামি চাকুরীজীবি স্বাস্থ্য সহকারী নিকলেশ দেবনাথসহ ১৬ জন বর্তমানে কারাগারে রয়েছেন। তবে আসামিপক্ষের লোকজন মামলা প্রত্যাহারের জন্য বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং জামিনে মুক্ত হলে তাঁদের কচুকাটা করে হত্যার হুমকি দিচ্ছেন। এতে বাদী ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগে করা হয়েছে। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, তাঁর এক মাসের ছুটি মঞ্জুরের প্রক্রিয়া যাচাই এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিকলেশ দেবনাথের এক মাসের ছুটি মঞ্জুর নিয়ে সুনামগঞ্জ সিভিল সার্জন ও ছাতক মেডিক্যাল অফিসারের বক্তব্য মতবিরোধ চলছে।
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২ নভেম্বর থেকে এক মাসের ছুটি মঞ্জুর করেন। অথচ ছুটি কার্যকর হওয়ার পরদিনই, ৩ নভেম্বর, হত্যা মামলায় অভিযুক্ত নিকলেশ দেবনাথ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদী গ্রামে পঠন সূত্রধর হত্যা মামলায় চাকুরীজীবি স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথসহ মোট ১৬ জন আসামি গত ৩ নভেম্বর সুনামগঞ্জের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তাঁরা সুনামগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
যেভাবে ঘটেছিল পঠন সূত্রধর হত্যার ঘটনা
মামলার নথি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিলেটের তদন্ত প্রতিবেদনের ১৬জন অভিযুক্ত করে।
২০২৫ সালের ৩০ নভেম্বর পূর্ববিরোধের জের ধরে মহদী গ্রামে পঠন সূত্রধর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা রামদা, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করেন। হামলায় পঠন সূত্রধর গুরুতর আহত হয়। পরে তাঁকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর একই বছরের ৩০ ডিসেম্বর নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ মামলা গ্রহণ না করায় নিহতের ছোট ভাই প্রদীপ সূত্রধর বিজ্ঞ আদালতে সিআর মামলা নং-২৪/২০২৫ দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই, সিলেটের ওপর ন্যস্ত করা হয়। তদন্ত শেষে পুলিশ পরিদর্শক (নিঃ) খোকন কুমার সাহা ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলার প্রধান আসামি সরকারি স্বাস্থ্য সহকারী নিকলেশ দেবনাথ।
ছুটি মঞ্জুর নিয়ে স্বাস্থ্য বিভাগে নানা প্রশ্ন !
এদিকে হত্যা মামলার প্রধান আসামি নিকলেশ দেবনাথের এক মাসের ছুটি মঞ্জুরের বিষয়টি নিয়েও প্রশাসনিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন ছুটি মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিকলেশ দেবনাথের এক মাসের ছুটি মঞ্জুর করা হয়েছিল। তবে ছুটি অনুমোদনের সময় তাঁর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বিষয়ে আমি অবগত ছিলাম না। বিষয়টি জানার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন মহোদয়কে লিখিতভাবে জানিয়েছি।”
অন্যদিকে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমি বলেন, “স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথকে আমি ছুটি দিইনি। কে বা কারা তাঁর ছুটির অনুমোদন দিয়েছেন, তা নথিপত্র পর্যালোচনা করে খতিয়ে দেখবো । নিহতের ভাই প্রদীপ সূত্রধরের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এব্যাপারে মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগের সুষ্ঠু তদন্ত, তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হত্যা মামলার আসামি সরকারি স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথের ছুটি মঞ্জুর,প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী প্রদীপ সূত্রধর।
