স্টাফ রিপোর্টার:
ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর একদল ব্যক্তি হঠাৎ মহাসড়কের গাড়িদহ এলাকায় জড়ো হন। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিয়ে পিকেটিং শুরু করেন। একপর্যায়ে একটি ভ্যানের ওপর বস্তা ও চট রেখে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। একটি ভ্যানের ওপর বস্তা ও চট দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, শেরপুর থানা পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। তবে গাড়িদহ এলাকায় অগ্নিসংযোগ বা পিকেটিংয়ের বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আসেনি।
