ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে লাল বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ছয়টি বালুভর্তি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করেছে পুলিশ। এ সময় ছয় অটোভ্যানচালককে আটক করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার ধানশাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার গান্ধিগাঁও এলাকার মৃত ইসহাকের ছেলে ফরমান (৪২), মৃত জহির উদ্দিনের ছেলে শেখ ফরিদ (২২), মৃত ছবর আলীর ছেলে মামুন মিয়া (৪০), মৃত মেছের আলীর ছেলে ময়নাল (৪৫) এবং মৃত জাফর আলীর ছেলে রহমত আলী (৩২) এবং বাকাকুড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ইনছার আলী (৩৭)।

পুলিশ জানায়, উপজেলার বাকাকুড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে ধানশাইল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছয়টি বালুভর্তি অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করা হয়। তবে মাহিন্দ্রা লরির চালক শান্ত মিয়া পালিয়ে যান।

এ ঘটনায় আটক ছয়জনসহ পলাতক মাহিন্দ্রা চালক শান্ত মিয়ার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।