সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলে সততা স্টোর ও অভিযোগ বক্স উদ্বোধন

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আত্মনির্ভরশীলতার চর্চা গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের মতামত ও অভিযোগ সরাসরি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে চালু করা হয়েছে অভিভাবকদের অভিযোগ বক্স।

রোববার সকাল ১১টায় উপজেলার পৌর শহরের পল্লী বিদ্যুৎ-সংলগ্ন সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুল চত্বরে সততা স্টোর ও অভিযোগ বক্স উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ও সততা ডায়াগনস্টিক হাসপাতালের পরিচালক মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দিন মজুমদার শাহীন, কোষাধ্যক্ষ মো. হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম জিন্নাহ, নাছির মিয়াসহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. ছামিউল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, পাশাপাশি তাদের সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই সততার চর্চা শুরু হলে ভবিষ্যতে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। সততা স্টোর শিক্ষার্থীদের সেই নৈতিক শিক্ষার বাস্তব অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

বক্তারা আরও বলেন, সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বা অন্যান্য সামগ্রী সংগ্রহের ক্ষেত্রে সততার পরিচয় দেওয়ার সুযোগ পাবে। এখানে কেনাকাটার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে নিজের দায়িত্ব নিজে পালন করা, সঠিক মূল্য পরিশোধ করা এবং অন্যের প্রতি বিশ্বাস ও আস্থার মানসিকতা তৈরি হবে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও নৈতিক দায়িত্ববোধ বৃদ্ধি পাবে।

অন্যদিকে, অভিভাবকদের অভিযোগ বক্স চালুর উদ্যোগকে একটি সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু শিক্ষক কিংবা পরিচালনা পর্ষদের একক প্রচেষ্টায় সম্ভব নয়। এ ক্ষেত্রে অভিভাবকদের মতামত, পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিরাপত্তা, পাঠদান পদ্ধতি, শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ কিংবা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে অভিভাবকদের কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে তারা অভিযোগ বক্সের মাধ্যমে তা কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

তারা আরও বলেন, অভিভাবকদের অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের আস্থা আরও বাড়বে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সহজ হবে।

বক্তারা সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষা, সততা ও মূল্যবোধ চর্চার এমন উদ্যোগ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় হতে পারে। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।