এইচএসসিতে চাটমোহর উপজেলা সেরা আঁখি

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
এবারের এইচএসসি পরীক্ষায় চাটমোহর উপজেলায় সেরা হয়েছেন আঁখি খাতুন। চাটমোহর উপজেলার ছাইকোলা ডিগ্রী কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন আঁখি।
সে চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের আকমল হোসেন ও মধু খাতুন দম্পতির সন্তান। সে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ১১৯১ নম্বর পেয়ে উপজেলায় সেরা হয়েছেন। মানসিক প্রতিবন্ধি মায়ের একমাত্র সন্তান আঁখি। তার জন্মের দুই বছরের মাথায় মায়ের ডিভোর্স হয়। বাবা বিয়ে করলে সৎ মায়ের সংসারে দাদির তত্বাবধানে জীবন সংগ্রাম শুরু হয় আঁখির। অদম্য বেধাবী আঁখি খাতুন এসএসসি’তে বিজ্ঞান বিভাগে ১১৭৫ নম্বর নিয়ে চাটমোহর উপজেলার ছাইকোলা ডিগ্রী কলেজে ভর্তি হন। কলেজ জীবনে ভালোবেসে বিয়ে করে সংসার জীবন শুরু করলেও শ্বশুর-শ্বাশুড়ি ও স্বামীর আগ্রহে পড়ালেখা চালিয়ে যেতে থাকেন। গর্ভবতী অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন তিনি। সকল প্রতিকূলতা জয় করে এ বছর উচ্চ মাধ্যমিকের ফলো হয়েছেন উপজেলার সেরা। আঁখির এ সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। তবে শুধু ভালো ফলাফল অর্জনেই থেমে থাকতে চায় না সে। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার স্বপ্ন তার। পড়ালেখা শেষে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে দেশ ও মানুষের সেবা করার স্বপ্ন দেখেন আঁখি। তবে তার প্রথম পছন্দ বিচার বিভাগ। এ স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া চেয়েছেন মেধাবী এই শিক্ষার্থী।
ছাইকোলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন,“সদ্য প্রকাশিত ফল বিপর্যয়ের মধ্যেও তাঁর কলেজ উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ কলেজ থেকে আঁখি খাতুন, উম্মুল খাইর সাফিয়া ও মোছা. তামিম সরকার জিপিএ ৫ পেয়েছে। এ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।” নিজের অনুভূতি প্রকাশ করে আঁখি বলেন,“আমার লেখাপড়ায় বড় অবদান দাদির। তার পাশাপাশি মা-বাবা, স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি ও শিক্ষকদের অবদান অপরিসীম। তারা সবসময় আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন।
আমার আগামীর স্বপ্ন পূরণে সবার দোয়া চাই।” আঁখির এ সাফল্যে গর্বিত তার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি, ছাইকোলা কলেজের গভর্নিংবডি, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।