যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ যাত্রীর

ইয়ানূর রহমান : যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় আব্দুল ওহাব (৫৫) নামে এক ভ্যানচালক ও সামাদ বিশ্বাস (৫০) নামে একজন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতু সংলগ্ন রেলক্রসিং এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওহাব উপজেলার দেয়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। সামাদ বিশ্বাস একই গ্রামের আব্দুল মঈন বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে দেয়াপাড়া গ্রাম থেকে সামাদ বিশ্বাসকে নিয়ে নওয়াপাড়া বাজারের দিকে আসছিলেন ভ্যানচালক আব্দুল ওহাব। ভৈরব সেতু সংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ বলেন, একজনকে হাসপাতালে মত অবস্থায় আনা হয়। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বাসের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া বাস ও চালকের সন্ধানে অভিযান চলছে।