কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ :টাঙ্গাইলের কালিহাতীতে আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেসবুক) ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুজন সাহা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বল্লা কর্মকার পাড়ার সত্য সাহার ছেলে।
বুধবার (৪ নভেম্বর) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাজাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার বাসিন্দা সুজন সাহার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেসবুক) সামাজিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মহান আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ছড়িয়ে পড়ে।বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে বল্লা এলাকার ধর্মভীরু মুসলিম জনতা এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে।পরে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বল্লা চক পাড়া এলাকার মৃত কেফায়েত উল্লাহর ছেলে ও বিএনপি নেতা মজনু মিয়া বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ রাব্বানী মুঠোফোনে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেসবুক) ধর্মীয় অবমাননা করে সুজন নামের ওই যুবক। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় তার শ্বশুর বাড়িতে অবস্থান করে।কিন্তু, পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বোন জামাইয়ের বাড়িতে চলে গেলে পুলিশ ওই স্থান থেকেই তাকে গ্রেপ্তার করে।
