চাটমোহরে ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন, মূলগ্রাম, মথুরাপুর ও ডিবিগ্রাম ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিএনপির একাংশ নেতাকর্মীরা।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় পৌর সদরের উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে আওয়ামী পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধভাবে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রকৃত ও পুরোনো সার ব্যবসায়ীদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে এসব ডিলারশিপ প্রদান করা হয়েছে বলেও দাবি করেন তারা।

বক্তারা অবিলম্বে বিতর্কিত ডিলারশিপ বাতিল করে প্রকৃত ও অভিজ্ঞ সার ব্যবসায়ীদের পুনরায় ডিলার নিয়োগের দাবি জানান। একই সঙ্গে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন চাটমোহর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল করিম তারেক, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির সরকার, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, বিলচলন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. আফসার আলী নেভী, ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. সাইফুল ইসলাম এবং মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াছিন আলী।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।