ওসমান গনি বেড়া পাবনা প্রতিনিধি: মা-ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে বেড়া উপজেলা টাস্কফোর্স কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত (২২ দিন) বেড়া উপজেলার নদী সীমানায় সকল প্রকার ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা-ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেলে দেশে ইলিশের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে যমুনা ও পদ্মা নদী বেষ্টিত বিভিন্ন পয়েন্টে নৌ-পুলিশ, কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে দিন-রাত নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হবে।
উপজেলা মৎস্য অফিসার মোকাররম হোসেন তাঁর বক্তব্যে অভিযানের সার্বিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং জানান যে, নিষেধাজ্ঞা চলাকালীন তালিকাভুক্ত সুফলভোগী জেলেদের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ নিশ্চিত করা হবে, যাতে জেলে পরিবারগুলোর কোনো কষ্ট না হয়। একই সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলে সমিতির নেতাদের এই অভিযান সফল করতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, থানা ও নৌ-পুলিশের প্রতিনিধি, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
