গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু: গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ওসমান গনি বেড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় বসতঘরের আড়ার (ডাব) সাথে ওড়না পেঁচিয়ে মোছাঃ জোতি খাতুন (১৭) নামের এক নববিবাহিতা গৃহবধূ আত্মহত্যা করেছেন।
​বুধবার (০৭ অক্টোবর ২০২৬) আনুমানিক সকাল ০৮:০০ ঘটিকায় বেড়া থানাধীন নতুন পেচাকোলা গ্রামে স্বামীর বসতঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জোতি খাতুন ওই গ্রামের মোঃ জোবায়েরের কন্যা এবং মোঃ আরিফুল ইসলামের স্ত্রী।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সকলের অগোচরে জোতি খাতুন নিজ স্বামীর বসতঘরের ডাবের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
​আত্মহত্যার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে বেড়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুতকালে নিহতের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পরিলক্ষিত হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানা পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের (পোস্টমর্টেম) প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।