ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭

কামরুল হাসান, : ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও একটি শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১ টার দিকে নগরীর পূর্ব গন্দ্রপা এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজিতে থাকা সাত আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে দুর্ঘটনার কারণে বাইপাস সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে।