ইয়ানূর রহমান : দুর্নীতি ও অনিয়মের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ সাতজনের বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, শিগগিরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) কমিশন মামলা দুটির অনুমোদন দেয়।
দুদকের তথ্য অনুযায়ী, একটি মামলায় যবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার (আবাসিক) ডা. নুসরত জামান এবং সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবকে আসামি করা হবে।
অপর মামলায় বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের দুই সহযোগী অধ্যাপক ও দুই সহকারী অধ্যাপককে আসামি করা হবে। তারা হলেন সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক ও ড. মো. শিমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান ও তানভীর আহমেদ।
দুদকের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
দুদকের অভিযোগের ভিত্তিতে মামলা গুলো দায়ের করা হবে। তবে মামলার অভিযোগ গুলো আদালতের বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।#
