স্টাফ রিপোর্টার:
রাশিয়ার সোচির সিরিয়াস ফেডারেল টেরিটরি-তে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ এন্ড ইনভাইরনমেন্টাল ইস্যুস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশ দল একটি স্বর্ণপদক, দুটি ব্রোঞ্জপদক এবং একটি মেরিট সনদ অর্জন করেছে।
পদক অর্জনকারীরা হলেন, আবু মাহজূরাহ আয়মান (স্বর্ণপদক) যিনি ১০০-এর মধ্যে পূর্ণ ১০০ নম্বর অর্জন করে বিশ্বব্যাপী ১ম স্থান অর্জন করেছেন। এছাড়াও ব্রোঞ্জ পদক পেয়েছেন এস এম আনফাল হাবিব এবং ফাবিহা নূরজীনা। একই অলিম্পিয়াডে মেরিট সার্টিফিকেট (সম্মানজনক স্বীকৃতি) পেয়েছেন ইস মাহ আরূশ।
এ প্রসঙ্গে ঢাকাস্থ রুশ হাউজের সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, কয়েক মাসের নিবিড় প্রস্তুতি এবং জলবায়ু ও পরিবেশ বিজ্ঞানের প্রতি গভীর নিষ্ঠার অসাধারণ ফলাফল হিসেবে এই সাফল্য অর্জিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত নিবিড় কর্মশালা থেকে শুরু করে রাশিয়ার সোচির সিরিয়াসে মাঠপর্যায়ের কাজ, ল্যাবরেটরি কার্যক্রম এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রতিটি পর্যায়ে বাংলাদেশ দলের সদস্যরা তাদের দক্ষতা, জ্ঞান ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।
আন্তর্জাতিক এই অর্জনের পেছনে অলিম্পিয়াডের আয়োজক এবং সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুতিও এই আন্তর্জাতিক যাত্রায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা ও সমর্থন করেছেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ দলের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মের মধ্যে জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিজ্ঞান, বৈজ্ঞানিক জ্ঞান ও গবেষণামুখী আগ্রহ বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই অসাধারণ অর্জন দেশের জন্য অত্যন্ত গর্বের।
