খালেদ আহমেদ :
পাবনা শহরের দীর্ঘদিনের জনদুর্ভোগ কমাতে সড়ক নির্মাণ, সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সক্রিয় উদ্যোগ ও তত্ত্বাবধানে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়া এগোচ্ছে।
পাবনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নাগরিক দুর্ভোগ লাঘব, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনকে গুরুত্ব দিয়ে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় আরসিসি সড়ক নির্মাণ, বিদ্যমান সড়ক উন্নয়ন এবং আরসিসি সাইড ড্রেন নির্মাণের বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পের তালিকা অনুযায়ী, পৌর এলাকার একাধিক ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে। কয়েকটি কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। কোথাও কোথাও ঠিকাদারদের দ্রুত কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু প্রকল্পের দরপত্র ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
উন্নয়নকাজের তালিকায় রয়েছে বিবেক সাহা রোডের বাই-লেন, একে খানকার রোড, শালগাড়িয়া এলাকার বিভিন্ন সড়ক, মহসিন রোড, শহীদ আমিন উদ্দিন রোড, হাজী মোহাম্মদ মহসিন রোড ও সাঁড়া রোডসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। এ ছাড়া ছাতিয়ানি, কাশিপুরসহ বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক উন্নয়নের পাশাপাশি পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখতে আরসিসি সাইড ড্রেন নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব কাজ বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, চলাচলে ভোগান্তি এবং অপরিকল্পিত পানি নিষ্কাশনজনিত সমস্যা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া পাবনা পৌরসভা ভবন নির্মাণ, হরিজন কলোনি নির্মাণ, বৃহত্তর পাবনা বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মতো বৃহত্তর উন্নয়ন উদ্যোগও তালিকায় রয়েছে। এসব প্রকল্পের কয়েকটির ক্ষেত্রে ডিপিপি প্রস্তুত, সংশোধন ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
পাবনা শহরের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং নাগরিকদের দৈনন্দিন দুর্ভোগ কমানোর লক্ষ্যে সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়ায় গুরুত্ব দিচ্ছেন। সংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়িত হলে পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি শহরের নাগরিক সেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
