পেচাকোলায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান: উপকরণ জব্দ, এক লাখ টাকা জরিমানা

​ওসমান গনি বেড়া পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় নকল দুধ উৎপাদন ও বিক্রি রোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে বেড়াতে এক বিশেষ খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি বাসা থেকে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির রাসায়নিক উপকরণ জব্দ করা হয়েছে এবং অপরাধ স্বীকার করায় এক নারী সদস্যকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
​সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড় ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত বেড়া উপজেলার পেচাকোলা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন ময়িশা খান। এ সময় বেড়া মডেল থানার এসআই সুব্রতের নেতৃত্বে একটি পুলিশ দল সার্বিক সহায়তা প্রদান করে।
​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পেচাকোলা গ্রামের উত্তম ঘোষের বাড়িতে ওৎ পেতে থাকেন অভিযানের দল। পরে ঘরে তল্লাশি চালিয়ে বড় ডেগে রাখা উৎপাদিত নকল দুধসহ তা তৈরির কাজে ব্যবহৃত পাম অয়েল, ব্লিচিং পাউডার, জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলার দুধ এবং ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
​অভিযান চলাকালে নকল দুধ তৈরির মূল হোতা উত্তম ঘোষকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী পলি ঘোষ উপস্থিত সাক্ষীদের সামনে নিজের অপরাধ স্বীকার করেন। তিনি জানান, স্বামীর সাথে তিনি প্রতিদিন এসব নকল দুধ তৈরিতে সরাসরি সহায়তা করতেন।
​পরবর্তীতে জব্দকৃত মালামাল, স্থানীয়দের সাক্ষ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত পলি ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় এক লাখ (১০০০০০) টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির নির্দেশ দেওয়া হয়। তবে অভিযুক্ত নারী তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করায় এবং তাঁর অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বৃদ্ধা শাশুড়ির সার্বিক দিক বিবেচনা করে জরিমানা আদায় সাপেক্ষে তাঁকে কারাদণ্ড দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়।
​উপজেলা প্রশাসনের পক্ষে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ও জনস্বার্থে এ ধরনের খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।