কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে এস আর বি।
দীর্ঘ ২৭ বছর ধরে পরিচয় পরিবর্তন করে ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকার পর খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এসআরবি -৮ ও এসআরবি -৬-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) র্যাব-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু বিষয়টি নিশ্চিত করেন।
এসআরবি জানায়, জয়নাল সরদার বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে খুলনার রূপসা থানায় ১৯৯৯ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
মামলাটির বিচার শেষে আদালত হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই মামলায় মরদেহ গুমের অপরাধে তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ না করলে অতিরিক্ত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।
দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই তিনি পরিচয় গোপন করে দেশের বাইরে অবস্থান করছিলেন বলে র্যাব জানিয়েছে।
এস আরবি ‘র ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জয়নালের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
