কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি দেখতে পান উদ্ধারকারীরা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ সেগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন, হেলাল উদ্দিনের ছেলে সজীব হোসেন ও সামিন হোসেন এবং মেয়ে সামিয়া আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গরু-ছাগলসহ ১৩ জন একটি ট্রলারে রওনা হন। তাদের গন্তব্য ছিল বৈদ্যেরবাজারের হাড়িয়া বৈদ্যেপাড়া এলাকা। পথে সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
দুর্ঘটনার পর আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার এগিয়ে এসে আটজন যাত্রীকে উদ্ধার করে। তবে একই পরিবারের চারজন নিখোঁজ হন। পরে রায়েশা বেগম নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবার ও শুক্রবার ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেন। শনিবার সকালে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় তিন ভাই-বোনের মরদেহ পাওয়া যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হেলাল উদ্দিনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
