বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৭

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :বগুড়ার শাজাহানপুরে ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক স্বজনকে নিয়ে সাতজন যাত্রী একটি মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন।

ভোরে মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। মাইক্রোবাসে থাকা আরও সাতজন আহত হন। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।