সুন্দরগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে পানিতে ডুবে আবু সাঈদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের নিচু জলাশয়ের পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা তেলিপাড়া গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশু আবু সাঈদ বাড়ির পাশের একটি নিচু জলাশয়ের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের জলাশয় থেকে শিশুটিকে পানিতে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্ল্যাহ বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। শিশুদের বিষয়ে পরিবারের সদস্যদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।