মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেডো স্ট্রাইক কারাতে একাডেমি। এ উপলক্ষে গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২সেপ্টেম্বর) মৌলভীবাজারের রুমেল কমিউনিটি সেন্টারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির আয়োজনে এবং এসকেআইএফ-বাংলাদেশ, মৌলভীবাজার মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন ও কারাতে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন- এসকেআইএফের ওয়ার্ল্ড চিফ ইন্সট্রাক্টর সোশিক শিহান মানাবু মুরাকামি, ৮ম ডান। তাঁর উপস্থিতি ও প্রশিক্ষণ সেমিনারে অংশগ্রহণকারী কারাতেকাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান । বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও এসকেআইএফ-বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ এবং মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসার মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন- সৈয়দ রুকনুজ্জামান রনি, প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সেডো স্ট্রাইক কারাতে একাডেমী, কার্য্য নির্বাহী সদস্য বাংলাদেশ কারাতে ফেডারেশন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোতোকান কারাতে-দো ইন্টারন্যাশনাল ফেডারেশন (এসকেআইএফ-বাংলাদেশ)। সেমিনারে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ১০টি কারাতে সংগঠন থেকে প্রায় ১৩০ জন কারাতেকা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সিলেট বিভাগের কারাতে অঙ্গনের উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং কারাতে প্রশিক্ষণের মানোন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখবে। একই সঙ্গে বিভাগের খেলোয়াড় ও রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। সেমিনারে অংশগ্রহণকারীদের কারাতে প্রশিক্ষণ ও বিভিন্ন কারিগরি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, সেডো স্ট্রাইক কারাতে একাডেমি ভবিষ্যতে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের কারাতে অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
