গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। গ্রেফতারকৃত আসামি উপজেলার আমুড়া এলাকার আব্দুর রহমানের ছেলে পাবেল আহমদ (২০)।
এসআরবি জানায়, ভুক্তভোগী কিশোরী (১৬) গোলাপগঞ্জ সদর মডেল থানার আমুড়া এলাকার বাসিন্দা। তার সঙ্গে একই এলাকার পাবেল আহমদের পূর্ব থেকে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ মে শনিবার বিকেল ৩টার দিকে আমুড়া বাঙ্গালীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সহযোগী আব্দুর রহমানের সহায়তায় পাবেল কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি সিএনজিযোগে তুলে নিয়ে যায়। পরে রানাপিং বাজার সংলগ্ন একটি খালি বাড়িতে আটকে রেখে ২৪ ও ২৮ মে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী কিশোরী বিয়ের চাপ দিলে আসামী পাবেল বিয়ে করবে না বলে জানায়। পরে কিশোরীকে সিএনজিযোগে তাহার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। পরে কিশোরী পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার মা বাদী হয়ে গোলাপগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
এসআরবি আরোও জানায়, মামলার পর এসআরবি- ৯ আসামিকে গ্রেফতারে তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় ধারা- ৯(১)/৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর মূলে গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামি পাবেল আহমদ (২০)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
