কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার গভীর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা বিএম কলেজের পাশে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, খাদ্য অধিদপ্তরের লেখাযুক্ত ৫০ কেজির বস্তা ও সাধারণ বস্তাসহ রাখা ২১৬ বস্তা চাল জব্দ করা হয়েছে।

অভিযানকালে এলেঙ্গা পৌরসভার চর বাঁশী গ্রামের মৃত ছবদের আলীর ছেলে ব্যবসায়ী ফরমান আলীকে আটক করা হয়।

চালগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পুলিশের অভিযানে এলেঙ্গা বাজারের ব্যবসায়ী ফরমান আলীর গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ফরমান আলীর সঙ্গে যুক্ত থাকা অন্যান্য ব্যবসায়ীরা পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধার করা চাল বিভিন্ন সরকারি অধিদপ্তরের ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দ ছিল। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও ইউনিয়ন পরিষদের কিছু অসাধু জনপ্রতিনিধি গোপনে এসব চাল পাইকারদের কাছে বিক্রি করেন।
পরে সে চালগুলো সরিয়ে এনে ব্যবসায়ীদের গুদামে মজুত করা হয়। এ কারণে প্রকৃত উপকারভোগী দরিদ্র মানুষ বঞ্চিত হয়েছেন।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, উদ্ধার করা চাল সরকারি দপ্তরের। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।