হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই জড়িত সন্দেহে নারী-পুরুষসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতিনামারী গ্রামের মকবুল হোসেনের সঙ্গে প্রতিবেশী মো. শাহাবুদ্দিনের জমি নিয়ে প্রায় দুই মাস ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ফজরের নামাজের পর উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে মকবুল হোসেনসহ উভয় পক্ষের লোকজন আহত হন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মকবুল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
আহতরা হলেন, মো. একাব্বর হোসেন, মো. হায়দার আলী, মো. আব্দুল জলিল মিয়া, মো. সুজা মিয়া, মো. ছামিউল ইসলাম, মো. ময়নুল হোসেন, মো. শাহাবুদ্দিন, মো. লিটন মিয়া, মো. নজরুল ইসলাম ও মো. মিন্টু মিয়া। আহতরা বিভিন্ন হাসপাতালে ও স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
খবর পেয়ে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ও সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নারী-পুরুষসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. রাশেদুল ইসলাম, মো. রেজাউল করিম, মো. মোকছেদুল ইসলাম, মো. আবিল হোসেন, মো. মিন্টু মিয়া, মো. মঞ্জু মিয়া, মো. লিটন মিয়া, মো. শাহাবুদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. নিরফুল মিয়া, মোছা. কল্পনা বেগম, মোছা. নুরভানু বেগম, মোছা. শিল্পী বেগম, মোছা. খোরশেদা বেগম, মো. ফাতেমা বেগম ও মোছা. সাবানা খাতুন।
নিহত মকবুল হোসেনের ছোট ছেলে মো. সুজা মিয়া অভিযোগ করে বলেন, শাহাবুদ্দিনের লোকজন তাঁর বাবার মাথায় নির্মমভাবে আঘাত করে তাঁকে হত্যা করেছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
সুজা মিয়া আরও জানান, তাঁরা দুই ভাই ও এক বোন। তাঁর মা জীবিত রয়েছেন। বড় ভাই মো. হাশেম আলী ঢাকায় থাকেন।
সুন্দরগঞ্জ থানার অফিসার (ওসি) মো. সেলিম রেজা বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
