মেডিকেল শিক্ষায় কৃতিত্ব: নাঙ্গলকোটে ডা. নজির নোবেলকে ‘প্রতিবিম্ব’র সংবর্ধনা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস (MBBS) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ডা. নজির নোবেলকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। দৈনিক প্রতিবিম্ব পরিবার এবং প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।১৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের নাঙ্গলকোট সাংবাদিক ফোরাম মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি গিয়াস উদ্দিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেকচারার ও সাংবাদিক ত্বোহা হাছান ভূইয়া স্বাধীন, নাঙ্গলকোট সাংবাদিক ফোরামের সভাপতি এম শাখাওয়াত হোসেন, কবি আজিম উল্যাহ হানিফ এবং মোতালেব হোসেন শান্ত।
অনুষ্ঠানে বক্তারা ডা. নজির নোবেলের ধৈর্য, সততা ও পরিশ্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বুকে মানবিক সেবা দেওয়ার স্বপ্ন লালন করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, সংবর্ধিত ডা. নজির নোবেল নাঙ্গলকোট পৌরসভার ১নং ওয়ার্ড বেতাগাও গ্রামের প্রফেসর আলী আক্কাসের ছেলে। তিনি ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে নাঙ্গলকোট এ আর হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি (SSC) পাশ করেন। বর্তমানে তিনি প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার একজন সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।