খালেদ আহমেদ :
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগ ও হস্তক্ষেপে পাবনা শহরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। রাস্তাঘাট, সেতু, ড্রেন, কালভার্ট, আবাসন ও কলকারখানাসহ পাবনা শহরকে একটি আধুনিক ও উন্নত শহরে রূপ দিতে তার ঘোষিত দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে এসব উন্নয়ন কাজ এগিয়ে চলেছে।
এরই ধারাবাহিকতায় ৪২ বছর পর পাবনা শহরের বড়বাজার এলাকার শ্যাম ঠাকুর, সতীস সাহা ও নন্দর গলি (লোহাপট্টি) এলাকার তিনটি রাস্তা ও পাশের ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। পাবনা পৌরসভার উদ্যোগে প্রায় ৯১ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির বাস্তবায়ন কাজ চলছে।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে এসব এলাকার রাস্তার দুই পাশের বিভিন্ন অংশ দখল করে কেউ কেউ ভবন ও স্থাপনা নির্মাণ করেছেন। ফলে রাস্তা সরু হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সামান্য বৃষ্টি হলেই পানি জমে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। একই সঙ্গে দুটি রিকশা বা ভ্যান পাশাপাশি চলাচল কিংবা ওভারটেক করতেও সমস্যায় পড়তে হয়।
স্থানীয়দের দীর্ঘদিনের এসব দুর্ভোগ লাঘবে পাবনা পৌরসভা রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান নাসিম এন্টারপ্রাইজ ড্রেন নির্মাণ এবং ফাতেমা জান্নাত রাস্তা নির্মাণের কাজ করছে। প্রকল্পের আওতায় ৭২৩ মিটার আরসিসি রাস্তা ও ৫১০ মিটার ড্রেন নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে কাজের প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে। বাকি কাজও চলমান রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী, বাড়ির মালিক, ভ্যানচালক, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলমান উন্নয়নকাজে সন্তোষ প্রকাশ করেছেন। তারা সিএনএফ টিভির মাধ্যমে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা পৌরসভাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামান বলেন, রাস্তা ও ড্রেন নির্মাণের স্বার্থে রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক মকু বলেন, যারা অবৈধভাবে রাস্তার জায়গা দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে আমাদের এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস অবশ্যই তা সমর্থন করবেন।
সংবাদ সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক আলমগীর আহমেদ রূপক, পাবনা পৌরসভার প্রকৌশলীবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় দোকানদার, ব্যবসায়ী, বাড়ির মালিকসহ সাধারণ পথচারীরা।
উল্লেখ্য, পাবনা শহরের আতাইকুলা রোডসহ বিভিন্ন সড়কের নির্মাণ ও উন্নয়ন কাজও বর্তমানে চলমান রয়েছে যা এ্যাড. শিমুল বিশ্বাস এমপি উদ্বোধন করেছেন।
