সুন্দরগঞ্জে দুই মোবাইল চোর গ্রেপ্তার, ১৭ ফোন উদ্ধার

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজারে মোবাইলের দোকানে চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৮টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোনসহ মোট ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

থানা সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট দিবাগত রাতে পাঁচপীর বাজারের মো. মুকুল মিয়ার মোবাইলের দোকানঘরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার সূত্র ধরে গত শনিবার দিবাগত রাতে গাইবান্ধা পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডুর সার্বিক ব্যবস্থাপনায় অভিযান পরিচালনা করে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ। তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদরের হকার্স মার্কেটে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস এবং মধ্য ফলিয়া পুলবন্দি গ্রামের মো. সুজন মাহমুদ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জুলিয়াস রহমান বলেন, ২৪ আগস্ট দিবাগত রাতে মুকুল মিয়ার দোকানঘরে চুরি হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নামে। মামলার সূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।