কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

কামরুল হাসান ,টাঙ্গাইল প্রতিনিধ : টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজিবাড়ি বাজার ও বল্লা বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম আল সালাউদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম বলেন, দুই ব্যবসায়ীর কারও মাংস বিক্রয় কেন্দ্রের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের লাইসেন্স ছিল না। একই সঙ্গে পশু জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা করে ভেটেরিনারি চিকিৎসকের প্রত্যয়নও নেওয়া হয়নি। যার কারণে তাদের জরিমানার আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, “নিরাপদ মাংস নিশ্চিত করতে লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ নেওয়া বাধ্যতামূলক। আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। আইন না মানলে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।”