জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী (তেলিপাড়া) এলাকা থেকে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী স্থানীয় কচুবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় তার বাবা মোঃ সাহাজান আলী বাদী হয়ে ভূল্লী থানায় মামলা (মামলা নং-৭/৮৩) দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির সামনের রাস্তা থেকে অভিযুক্ত মোঃ ইসমাইলসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে নিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্তের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সে স্বীকার করে যে কিশোরী তার সঙ্গেই আছে। একই সাথে অভিযুক্তরা পরিবারটিকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
মেয়ের কোনো সন্ধান না পেয়ে পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে এবং দ্রুত তাকে উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং পুলিশ ভুক্তভোগীকে উদ্ধারসহ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
