আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৫ হাজার টাকার জাল নোটসহ মামুনুর রশিদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার রাজপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। গত বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড়আখিড়া তিন মাথায় জনৈক দস্তগীরের ইট ভাটার নিকট থেকে তাকে গ্রেফতার ও উল্লেখিত পরিমান জাল টাকা জব্দ করা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি থানার রণ পাহারারত অবস্থায় পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড়আখিড়া তিন মাথায় জনৈক দস্তগীরের ইট ভাটার নিকট জাল টাকা লেনদেনের কারবার চলছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে মামুনুর রশিদ নামের জাল টাকা কারবারিকে আটক করে তার প্যান্টের পকেটে রাখা ১হাজার টাকা মূল্যের ৫টি জাল নোট অথাৎ ৫ হাজার টাকার জাল নোট জব্দ করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জাল টাকার নোট কারবারি মামমুনুর রশিদকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এই চক্রের সাথে কারা জড়িত তা সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।