বেড়ায় ১০ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ ও বিনষ্ট

ওসমান গনি বেড়া , পাবনা প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাল তৈরির সরঞ্জামের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৩০০ পিসেরও বেশি চায়না দুয়ারী জাল, জাল তৈরির আধুনিক মেশিন ও আনুমানিক ১০ লাখ টাকার বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করার পর জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
​আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেড়া বাজার সংলগ্ন বনগ্রাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া বাজার সংলগ্ন বনগ্রাম এলাকার ঈশ্বর নামের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়।
​অভিযানের সময় ঈশ্বর নামের ওই জাল ব্যবসায়ীর বাড়ি থেকে অবৈধ ৩০০ পিসের অধিক চায়না দুয়ারী জাল এবং বিপুল পরিমাণ জাল তৈরির মেশিন ও অন্যান্য কাঁচামাল উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি। তবে অভিযান চলাকালে অভিযুক্ত ব্যবসায়ীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
​নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান
​অভিযুক্তকে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে সাজা বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। নদী ও খালের ইকোসিস্টেম ধ্বংসকারী এসব নিষিদ্ধ জালের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
​উদ্ধারকৃত বিপুল পরিমাণ জাল ও তৈরির সরঞ্জাম পরবর্তীতে উপস্থিত জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
​অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা মৎস্য অফিসার মোঃ মোকাররম হোসেন। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও সামগ্রিক সহযোগিতায় বেড়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল তৎপর ভূমিকা পালন করে।