সুন্দরগঞ্জে শিশু বলাৎকারের মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজিবপুর গ্রামে ৭ বছরের শিশু হানিফ মিয়াকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং নির্যাতিত পরিবারের নিরাপত্তার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নির্যাতিত শিশুর পরিবারের পক্ষে স্থানীয় লোকজন এ কর্মসূচির আয়োজন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান, নির্যাতিত শিশুর বাবা উজ্জল মিয়া, মা হ্যাপি খাতুন প্রমূখ।

বক্তারা বলেন, রাজীবপুর গ্রামের উজ্জল মিয়ার ৭ বছরের ছেলে হানিফ মিয়াকে বলাৎকারের ঘটনায় আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তবে মামলা দায়েরের পরও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। এতে নির্যাতিত শিশুর পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

বক্তারা আরও বলেন, ঘটনার পর নির্যাতিত পরিবারের বাড়িঘর ভাঙচুর, মামলা তুলে নেওয়ার জন্য হুমকি এবং অভিযুক্তের পক্ষে সহযোগিতা করার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আমিনুল ইসলামের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়।

নির্যাতিত শিশুর বাবা উজ্জল মিয়া বলেন, আমার ছোট ছেলে এমন একটি ঘটনার শিকার হয়েছে। মামলা করার পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও ন্যায়বিচার চাই।

শিশুটির মা হ্যাপি খাতুন বলেন, আমার সন্তানের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু বিচার চাই। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে আসামিদের দ্রুত আইনের আওতায় আনুক।

স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান বলেন, একটি শিশুর সঙ্গে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর। মামলা হওয়ার পরও যদি আসামিরা গ্রেপ্তার না হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আমরা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বক্তারা বলেন, শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাটি কোনো ধরনের প্রভাব, চাপ বা হুমকির কারণে যেন ভিন্ন খাতে প্রবাহিত না হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে নির্যাতিত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

স্থানীয়দের ভাষ্য ও পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ২১ জুলাই দক্ষিণ রাজীবপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে আব্দুর রাজ্জাক পাউরুটি দেওয়ার কথা বলে ৭ বছর বয়সী হানিফ মিয়াকে তার বেকারি কারখানার ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে বলাৎকারের করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়া এবং পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।