ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় মোটরসাইকেল পার্কিং ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
শুক্রবার রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের নেতা মাহবুর রহমানের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট এলাকায় এসে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
এ খবর পেয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও এসআই রুমেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় স্থানীয় বিএনপি নেতা আশরাফুর রহমান এনাম, সাদিকুর রহমান, এমাদ উদ্দিন, ফারুক আহমদ, জাহাঙ্গীর আলম, জহির উদ্দিন এবং যুবদল নেতা মুহিবুর রহমান মুহিবসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন।
এদিকে ছাত্রদলের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে গোবিন্দগঞ্জ-সিলেট-সুনামগঞ্জ সড়ক এলাকায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা ছাত্রদলের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে ওসি মিজানুর রহমান উপস্থিত ছাত্র-জনতাকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, দাঙ্গাবাজি, চাঁদাবাজি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।
বিক্ষোভকারীরা স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত জায়েদ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে স্লোগান দেন। একপর্যায়ে ছাত্রদল, যুবদল, ছাত্রশিবির ও স্থানীয় জনতার পক্ষ থেকে জায়েদ মিয়ার দোকানে দেশীয় অস্ত্র থাকার অভিযোগ পুলিশের কাছে করা হয়।
অভিযোগের পর ওসি মিজানুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ওই দোকানঘরে তল্লাশি চালান।
তবে তল্লাশিতে কোনো ধরনের অবৈধ অস্ত্র বা নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।
পরে গোবিন্দগঞ্জ এলাকার পরিচিত তরুণ সমাজসেবক আশরাফুর রহমান এনাম ঘটনাস্থলে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের উদ্দেশে শান্তিপূর্ণ ও গঠনমূলক বক্তব্য দেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ধারণ এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, মোটরসাইকেল পার্কিং ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর গোবিন্দগঞ্জ এলাকায় এ বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
