আগৈলঝাড়ায় ইউএনও’র নির্দেশের ১৩ দিন পর ফের সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ অবৈধভাবে কাটার খবর পেয়ে গত ২৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নির্দেশে গাছ কাটা বন্ধ হয়। কিন্তু ১৩ দিন পর ইউএনও’র নির্দেশ অমান্য করে সেই গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক গাছগুলোর মধ্যে দুটি বড় চাম্বল গাছ আগেই কেটে ফেলেছে আর বাকি একটি রেইন্ট্রি গাছ ১৩ দিন পর কেটে ফেলেছেন।
স্থানীয়রা জানান, আজ শনিবার সকালে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা জলিল বয়াতী গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট-কুমারভাঙ্গা সড়কের পাশের কয়েকটি গাছ স্থানীয় গাছ ব্যবসায়ী সোহরাব সিকদারের কাছে বিক্রি করেন। সকাল থেকে সোহরাব সিকদার গাছ কাটা শ্রমিক নিয়ে সেই গাছের মধ্যে বড় একটি রেইন্ট্রি গাছ কেটে ফেলেছেন। তখন স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের কাছে জানালে তাৎক্ষণিক তিনি বন বিভাগের মাধ্যমে কাটা গাছ জব্দ করার নির্দেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, আমি এর আগে বন বিভাগের মাধ্যমে গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিলাম। পরে শুনতে পেলাম ১৩ দিন পর সেই গাছ কেটে ফেলেছে। আমি বন বিভাগের মাধ্যমে কাটা গাছ জব্দ করার নির্দেশ দিয়েছি।