কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় মোবাইল কোর্ট, একজনের ২ দিনের কারাদণ্ড

কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নোয়াবাড়ী ইউনিয়নের কস্তুরীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আ. মালেক (৫৫) কে ২ (দুই) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এ দণ্ডাদেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি এবং জনস্বার্থের পরিপন্থী।

এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।