জসীমউদ্দিন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি: আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে আগামী কয়েক মাসের মধ্যেই প্রস্তাবিত এই মেডিকেল কলেজ স্থাপনের মূল কাজ শুরু হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।
রবিবার (২ আগস্ট) সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপালের সহায়তায় আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের এই অঞ্চলের সিংহভাগ মানুষ দরিদ্র হওয়ায় অনেকের পক্ষেই চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এই সাধারণ ও প্রান্তিক মানুষদের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও জানান, বর্তমান সরকার নেপাল সরকারের সাথে দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে এ ধরনের চক্ষু শিবিরের আয়োজন করেছে, যা এলাকার চোখ রোগীদের উন্নত সেবা প্রদানে ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় কীভাবে এ ধরনের আই ক্যাম্পের পরিধি বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।
মির্জা ফখরুল বলেন, এলাকার স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে ইতিমধ্যেই ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যসেবার মান বাড়ানোর এবং কিভাবে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া যায়।
এ সময় উপস্থিত ছিলেন, এম্বাসি অব নেপাল বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মিস্টার প্রতিক কার্কি, মিস্টার পদ্ম নারায়ন চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ অন্যান্যরা।
