মৌলভীবাজার শেরপুর পুলিশ ফাঁড়ি এএসআই শফিকুল ইসলাম পুলিশ লাইনে ক্লোজ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শফিকুল ইসলাম শফিক-কে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। মাদকের আস্তানা থেকে নিয়মিত টাকা আদায় ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে (স্মারক নং-২১৭৮/আরও, তারিখ : ৩১ জুলাই-২০২৬)-এর আদেশে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল হাসান। স্থানীয়দের অভিযোগ, মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বিভিন্ন সময় পুলিশকে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, পুলিশকে ম্যানেজ করে অভিযুক্তরা পুনরায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। জানা গেছে- গত ৩১ জুলাই সরকার বাজার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মজনু মিয়াসহ কয়েকজনকে স্থানীয় বাসিন্দারা আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। সরেজমিনে উপস্থিত লোকজন পুলিশের উপস্থিতিতেই এএসআই শফিকুল ইসলাম-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবৈধ ভাবে আর্থিক সুবিধা নেয়ার বিষয়ে অভিযোগ তুলেন। এর পর মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শফিকুল ইসলাম শফিক-কে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এ বিষয়ে জানতে চাইালে এএসআই শফিকুল ইসলাম মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, লন্ডন প্রবাসী সোহাগের এক ভাইকে পূর্বে আটক করার জের ধরেই তিনি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে এসব অভিযোগ করছেন। তাঁর দাবি, অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে।