জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও
“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’ (১-৭ আগস্ট) উদযাপিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস, ঠাকুরগাঁও-এর বাস্তবায়নে এ উপলক্ষে নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য কর্মকর্তা, নার্স, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ আনিছুর রহমান ও বক্তারা নবজাতকের পুষ্টি ও সঠিক শারীরিক বৃদ্ধির জন্য জন্মের পরপরই শালদুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধু মাতৃদুগ্ধ পানের গুরুত্ব তুলে ধরেন। মাতৃদুগ্ধ পানের অভ্যাস গড়ে তুলতে পরিবার ও সামাজিকভাবে সচেতনতা এবং টেকসই উদ্যোগ জোরদার করার ওপর তাঁরা বিশেষ জোর দেন।
