লোভ দেখিয়ে শিশুকে আখক্ষেতে নিয়ে প্রলোভন ও ধর্ষণের অভিযোগ: ঠাকুরগাঁওয়ে আদালতে জবানবন্দি রেকর্ড

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে আট বছরের এক শিশুকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে আখক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. রাশেদ ইসলাম (২০) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুব উল ইসলাম শিশুটির জবানবন্দি লিপিবদ্ধ করেন।

অভিযুক্ত রাশেদ ইসলাম স্থানীয় রুহিয়া থানাধীন আসাননগর এলাকার কলিম উদ্দীনের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৬ জুলাই) বিকেলে ওই শিশু নিজ বাড়িসংলগ্ন টাঙ্গন নদীতে গোসল করতে যায়। সেখানে তাকে একা পেয়ে প্রতিবেশী মো. রাশেদ ইসলাম নানা প্রলোভন দেখিয়ে নদীর পূর্ব পাড়ের একটি নির্জন আখক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত রাশেদ তাকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে তার মা ও প্রতিবেশীদের কাছে পুরো ঘটনা প্রকাশ করে।

এ ঘটনার পর দিন সোমবার (২৭ জুলাই) ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে রুহিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশি প্রক্রিয়ার অংশ হিসেবে শিশুটিকে আদালতে পাঠানো হলে বিচারক তার জবানবন্দি গ্রহণ করেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি মো. রাশেদ ইসলাম আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।