ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি

প্রতিনিধি, আগৈলঝাড়া বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় প্রকৃত মালিকের পরিবর্তে ছদ্মবেশী নারীকে হাজির করে জমি রেজিস্ট্রি করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত জাল দলিল বাতিল, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফাতেমা তুন আঁখি।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার প্রয়াত মা রাশিদা মোহসিনের নামে বেলুহার মৌজায় থাকা প্রায় ২২ শতাংশ জমি তার অজ্ঞাতসারে ও সম্মতি ছাড়াই তার আপন ভাই শেখ মো. মোস্তাফিজুর রহমান অন্য এক নারীকে তার পরিচয়ে দাঁড় করিয়ে গত ২৩ জুলাই আগৈলঝাড়া সাব-রেজিস্ট্রি অফিসে ১৬২৪ নম্বর দলিলের মাধ্যমে বিক্রি করেন।
ফাতেমা তুন আঁখির দাবি, ওই দলিলটি প্রতারণা ও পরিচয় জালিয়াতির মাধ্যমে সম্পাদন করা হয়েছে। এতে তিনি তার বৈধ সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আর্থিক, সামাজিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন।
তিনি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, কথিত জাল দলিল বাতিল, জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা এবং তার বৈধ জমির মালিকানা ও দখল ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো ব্যক্তি, বিশেষ করে নারী, এ ধরনের প্রতারণার শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।