জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রক্সি দিয়ে সাজাপ্রাপ্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত

জসীমউদ্দিন ইতি (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

জুডিশিয়াল সার্ভিস কমিশনের (জেএসসি) পরীক্ষায় অন্যের প্রক্সি (প্রতিনিধি) হিসেবে অংশ নিয়ে আদালতের দণ্ডে দণ্ডিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয় সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় অন্য এক পরীক্ষার্থীর পরিবর্তে জালিয়াতি করে অংশ নেন। পরবর্তীতে পরীক্ষায় জালিয়াতির বিষয়টি ধরা পড়লে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালত তাকে সাজা প্রদান করেন।

আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি বিধিমালা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।