ওসমান গনি বেড়া পাবনা
পাবনার বেড়া পৌর এলাকায় দু’দফায় যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করা প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরের মায়িশা খানের উপস্থিতিতে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল পোড়ানো হয়।
প্রশাসন ও অভিযান সূত্রে জানা গেছে, বেড়া পৌর এলাকার নাজিম বাজারের মোল্লা সুপার মার্কেটের গোডাউনে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল মজুদ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানের প্রথম দিনে মার্কেটের তিনটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৩০০০০ মিটার কারেন্ট জাল এবং ৩০০টি চায়না দুয়ারী জব্দ করা হয়। এ সময় জড়িত সন্দেহজনক আরও দুটি গোডাউন সিলগালা করে দেয় অভিযান পরিচালনাকারী দল।
পরবর্তীতে গতকাল সোমবার রাতে সিলগালা করা সেই দুটি গোডাউনে পুনরায় অভিযান চালিয়ে আরও ৫০০০মিটার জাল (যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা) জব্দ করা হয়। দুই দফায় পরিচালিত এই অভিযানে উদ্ধার করা সমস্ত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।
অবশেষে আজ সকালে সহকারী কমিশনার (ভূমি) নুরের মায়িশা খানের উপস্থিতিতে ও নেতৃত্বে উদ্ধার হওয়া সব নিষিদ্ধ জাল আনুষ্ঠানিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন।
এসময় নুরেন মায়িশা খান বলেন, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারীর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
