কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ :টাঙ্গাইলে হেরোইন পাচারের দায়ে দুই ব্যক্তিকে পৃথক সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপরজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হোসেন আলী (৩৫) সখীপুর উপজেলার কাহারতা রামখাঁ গ্রামের বাসিন্দা। আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। তবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
অপরদিকে, একই মামলায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিরু মিয়া ওরফে হায়দার (৫৫)-কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, ২০২৫ সালের ২২ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সখীপুরের কালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় হোসেন আলীর কাছ থেকে ৯০ গ্রাম এবং হিরু মিয়ার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন ডিবির উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ৭ অক্টোবর আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
