গোপালপুরে আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

কামরুল হাসান , টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আলুবোঝাই একটি পিকআপে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১৪। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন এলাকায় র‍্যাব-১৪, সিপিসি-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার (এডি) শামসুল আলম।

আটকরা হলেন গোপালপুর উপজেলার বাসিন্দা মোহাম্মদ সামসুল হক (৩২), পিকআপচালক মোহাম্মদ জয় (৩০) এবং হেলপার ইয়াসির আরাফাত (৩৩)। চালক ও হেলপার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, সিলেট থেকে আলুবোঝাই পিকআপটি গোপালপুরে পৌঁছালে পাগলা বাজার এলাকায় সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় আলুর বস্তার আড়ালে লুকিয়ে রাখা দুটি বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় স্থানীয় এক সহযোগীকেও আটক করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, র‍্যাব অভিযান পরিচালনা করেছে। প্রাথমিক কার্যক্রম শেষে মামলাটি থানায় হস্তান্তর করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।