মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
কয়েকদিনের টানা বৃষ্টিতে পাবনার চাটমোহরে কাঁচামরিচের কেজি এখন ২০০ টাকা পার করেছে। অন্যান্য শাক সবজির দাম বেড়েছে। বাজারে কমেছে সব সবজির সরবরাহ। হাট-বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কয়েকগুণ। গত সপ্তাহে চাটমোহরের হাট-বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে ১০০ টাকা। এরআগে বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি। গতকাল বৃহস্পতিবার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে।
সবজি বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে নিচু এলাকার জমিতে পানি জমায় বাজারে কাঁচা মরিচের সরবরাহে সংকট দেখা দেয়। প্রতিদিন কাঁচামরিচের দাম বাড়ছে। এদিকে কাঁচা মরিচের পাশাপাশি বেড়েছে সবজির দাম। ৪০ টাকার কুড়িকচু এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ৪০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। শসার কেজি বেড়ে ১০০ টাকা হয়েছে। দাম বেড়েছে আলু, পেঁয়াজ, পটল, ঝিঙে, করলা, ঢ্যাঁড়শের দাম। প্রতি কেজি আলু ৩৫, পেঁয়াজ ৭০,পটল ৬০, ঝিঙে ৬০, করলা ১২০, ঢ্যাঁড়শ ৫০ টাকা, ফুলকপি ৮০ টাকা, পেঁফে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এছাড়া মাছ ও মুরগীর দামও উর্ধ্বমুখি।
চাটমোহর পুরাতন বাজারের সবজি বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন, চলমান বন্যা ও বৃষ্টির কারণে মরিচ খেত তলিয়ে গেছে। বাজারে আমদানি কম। একই অবস্থা সবজির ক্ষেত্রেও। তাই দাম বেড়েছে। চাহিদা বাড়লে দামও বেড়ে যায়। তাই এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ আমরা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এখন তা বিক্রি করতে হচ্ছে ২০০ – ২২০ টাকা কেজি দরে।
