রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। হামলায় মস্কোর কাছাকাছি একটি তেল ডিপো ও দেশটির বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের দুটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) রুশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
রুশ কর্মকর্তারা জানান, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ইউক্রেনের ড্রোন হামলায় তামবভ অঞ্চলের কতোভস্ক ও মস্কোর পূর্বে ইলেকট্রোস্তাল শহরে অবস্থিত ওয়াইল্ডবেরিজের দুটি গুদামে আগুন ধরে যায়। কতোভস্কের গুদামে রাতের শিফটে কর্মরত সাত শ্রমিক নিহত এবং আরও ২৫ জন আহত হন।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, ইলেকট্রোস্তালের উত্তরে নোগিনস্ক শহরের একটি তেল ডিপোতেও ড্রোন হামলা হয়েছে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কাছের একটি মাতৃসদন হাসপাতাল ও আবাসিক ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ড্রোনের ধ্বংসাবশেষ একটি কিন্ডারগার্টেন ভবনে পড়ে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, মস্কো অঞ্চলে মোট ৬১ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের একজন পরে মারা যান।
এদিকে শনিবার বিকেলে বেলগোরোদ অঞ্চলেও পৃথক এক ড্রোন হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
হামলার পর ওয়াইল্ডবেরিজের দুটি গুদামেই আগুন লাগে। এর মধ্যে কতোভস্কের আগুন নিয়ন্ত্রণে এলেও ইলেকট্রোস্তালের গুদামে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, হামলায় মস্কো ও তামবভ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনা এবং একটি তেল স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তার ভাষ্য, এসব স্থাপনা রাশিয়ার ড্রোন ও নেভিগেশন সরঞ্জাম তৈরির জন্য নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ সরবরাহে ব্যবহৃত হতো।
এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, নোগিনস্কের জ্বালানি ডিপো, কৃষ্ণসাগর ও আজভ সাগরে কয়েকটি তেলবাহী জাহাজ এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন লুহানস্ক অঞ্চলের একটি রেলসেতুতেও হামলা চালানো হয়েছে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ১৯টি অঞ্চল, ক্রিমিয়া, আজভ সাগর ও কৃষ্ণসাগরের আকাশে মোট ৩৭৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে এসে কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি অবকাঠামো ও সামরিক সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা আরও জোরদার করেছে। ইউক্রেনের দাবি, এসব হামলার উদ্দেশ্য রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা এবং যুদ্ধের প্রভাব দেশটির ভেতরেও অনুভব করানো।
সূত্র: এবিসি নিউজ
