মানুষকে মানুষের মর্যাদা দিলেই গড়ে উঠবে শক্তিশালী রাষ্ট্র — এমপি শিমুল বিশ্বাস

খালেদ আহমেদ :
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ, পুনর্বাসন উপকরণ ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ, সেলাই মেশিন ও অনুদানের চেক তুলে দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শিমুল বিশ্বাস বলেন, রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে হবে। মানুষে মানুষে বিভেদ নয়, বরং সবার জন্য সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, একই দেশে, একই পরিবেশে বসবাস করেও ধর্ম, সম্প্রদায় বা সামাজিক বিভাজন মানুষকে দুর্বল করে দেয়। শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনের জন্য প্রত্যেক নাগরিককে মানবিক ও মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধান দুটি সমস্যা হলো দারিদ্র্য ও বেকারত্ব। রাষ্ট্র যদি কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তাহলে দেশ আরও শক্তিশালী হবে। সমাজকল্যাণ অধিদপ্তরের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে নেওয়া এ উদ্যোগকে তিনি সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এর সফল বাস্তবায়ন কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মো. মাসুম বগা, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, পাবনা আদিবাসী সংগঠনের সভাপতি আশিক চন্দ্র বানিয়াস এবং প্রশিক্ষক আসমা আক্তার।
প্রশিক্ষণার্থীদের পক্ষে পাখী রাণী দাসসহ কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ প্রশিক্ষণ তাদের আত্মকর্মসংস্থানের পথ তৈরি করবে এবং তারা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান।
জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় গত ২৩ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) ১৫ দিনব্যাপী এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মোট ৪৬ জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে পুনর্বাসনের লক্ষ্যে ২৫ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক এবং অবশিষ্ট ২১ জনকে ১০ হাজার টাকা করে অনুদানের চেকের পাশাপাশি একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। সমাজসেবা অধিদপ্তর জানায়, অনুদানপ্রাপ্তদের নিয়মিত তদারকির আওতায় রাখা হবে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে ঋণ সুবিধাও প্রদান করা হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, পাবনা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এনামুল হক এনাম, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, প্রশিক্ষণার্থী, দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক সোহেল রানা বিপ্লব, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক এসএম আলম, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশনাল অফিসার হাফিজ আহমেদ।